ইসরাইলের বিমানঘাঁটিতে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা - দিগন্ত জার্নাল

ইসরাইলের বিমানঘাঁটিতে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ |বইসরাইল অধিকৃত দক্ষিণ নেগেভ অঞ্চলের নেভাতিম বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে ইয়েমেনি সেনাবাহিনী। শনিবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর মেহের নিউজের।

ইয়াহিয়া সারি জানান, গাজার নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি আগ্রাসনে মার্কিন সমর্থনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে। ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা এ ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি বাহিনী হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ইসরাইলের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের এসব হামলার ফলে ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের পর।

এছাড়া, ইয়েমেনি বাহিনী কেবল ইসরাইলি সামরিক স্থাপনায় হামলা চালিয়েই থেমে নেই, তারা ইসরাইলি আগ্রাসনে সমর্থনকারী মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করছে।

an adbox will go here