জুলাই বিপ্লবে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় হত্যার ভিডিও মিলেছে, শনাক্ত দুই - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় হত্যার ভিডিও মিলেছে, শনাক্ত দুই

নিজস্ব প্রতিবেদক:

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের (জুলাই বিপ্লব) সময় ঢাকার আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। ইতিমধ্যে জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের শনাক্তের কাজ চলছে। সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। পুলিশের একটি দল ছয়জনের নিথর দেহ একটি গাড়িতে তুলে আগুন ধরিয়ে দেয়। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, তখনও একজন জীবিত ছিলেন, যাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। সেই বিভীষিকাময় দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গোটা দেশকে নাড়া দেয়।

তদন্ত প্রায় শেষের পথে থাকা অবস্থায় আসে আরেকটি বিস্ফোরক ভিডিও, যেখানে দেখা যায়—লাশ পোড়ানোর আগে তাদের গুলি করে হত্যা করা হয়েছে। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, দুই হত্যাকারী শনাক্ত হয়েছে এবং তাদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। বাকিদের শনাক্তের কাজও চলমান রয়েছে।

তিনি আরও জানান, আশুলিয়ার এ মামলায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে। একই দিনে জুলাই-আগস্টের যাত্রাবাড়ী ও রামপুরার গণহত্যাসহ আরও তিনটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে। তবে এসব মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছে।

an adbox will go here