জুলাই বিপ্লবে ছাত্র-জনতা গণহত্যা মামলায় জিয়াউল- মামুনসহ ১৩ জন ট্রাইব্যুনালে হাজির
নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরোধী আন্দোলন জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে। শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও প্রায় তিন মাস বাড়িয়ে আগামী ২০ জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গণ-অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা এটি তৃতীয় মামলা। এই মামলায় আজ গ্রেফতার থাকা আট আসামিকে হাজির করা হয়। তারা হলেন:
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন,
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান,
ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা,
ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম,
যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান,
বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী,
গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক,
ডিবি-উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
ট্রাইব্যুনাল জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় সময়সীমা আরও বাড়ানো হলেও মামলার কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হবে।