গাজায় ইসরাইলি হামলায় একদিনে শহীদ ৫১, সংখ্যা ছাড়ালো ৫২ হাজার - দিগন্ত জার্নাল

গাজায় ইসরাইলি হামলায় একদিনে শহীদ ৫১, সংখ্যা ছাড়ালো ৫২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:

বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় একদিনেই ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১৩ জন। মঙ্গলবার তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৩৬৫ জনে এবং আহত হয়েছেন এক লাখ ১৭ হাজার ৯০৫ জন।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি আগ্রাসন শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত ২ হাজার ২৭৩ জন ফিলিস্তিনি নিহত ও প্রায় ৫ হাজার ৮০০ জন আহত হয়েছেন। উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হলেও হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও বিমান হামলা শুরু করে তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

জাতিসংঘের তথ্যমতে, দীর্ঘ ১৫ মাসের ইসরাইলি হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অবকাঠামোর অধিকাংশই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান এ হামলা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকেও চরমভাবে লঙ্ঘন করেছে।

an adbox will go here