কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা: যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপ - দিগন্ত জার্নাল

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা: যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক:

মঙ্গলবার, (২৮ এপ্রিল ২০২৫) কাশ্মীর ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরও ঘোলাটে না করে।”

উল্লেখ্য, ভারত এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করেনি। অপরদিকে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে এবং একটি আন্তর্জাতিক ও স্বচ্ছ তদন্তে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এই বিষয়ে সরাসরি কোনো অবস্থান নেয়নি। তবে মুখপাত্র ব্রুস জানান, “আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং উভয় সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি।”

এক প্রশ্নের জবাবে ব্রুস বলেন, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সহযোগিতা বহুমাত্রিক এবং ইসলামাবাদের সঙ্গে একাধিক স্তরে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি জানান, সম্প্রতি আইএস সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে পাকিস্তানের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে যে উদ্বেগ উত্থাপিত হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলেও ট্যামি ব্রুস কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষ্য, “বর্তমানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রাধিকার হলো— ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপ এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা।”

an adbox will go here