মক্কায় হাজিদের সঙ্গে প্রতারণা, গ্রেফতার ৪ চীনা নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের আবাসন ও পরিবহন সুবিধার নামে ভুয়া ক্যাম্পেইন চালিয়ে প্রতারণার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে চারজন চীনা নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে মক্কা পুলিশ।
বুধবার সৌদি গেজেটের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মক্কায় হজ ক্যাম্পেইনের নামে ভুয়া প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ওই চারজনকে পুলিশের নিরাপত্তা টহল দল গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়।
এছাড়া, চলতি সপ্তাহেই আরেকটি প্রতারক দলকে আটক করে সৌদি পুলিশ। অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন প্রচার করে হাজিদের আকৃষ্ট করার চেষ্টা করছিল। এসব বিজ্ঞাপনে আবাসন, পবিত্র স্থানগুলোতে যাতায়াতের সুবিধা, অন্যের পক্ষে হজ পালনের সুযোগ, কুরবানির পশু সরবরাহ ও হজ ব্রেসলেট বিক্রির ভুয়া দাবি করা হচ্ছিল।
সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে বলেন, হজযাত্রীদের হজের নিয়ম-কানুন মেনে চলা উচিত এবং প্রতারণামূলক কার্যকলাপের বিষয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি কেউ প্রতারণার শিকার হলে দ্রুত ৯১১ (মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জন্য) অথবা ৯৯৯ (অন্যান্য অঞ্চলের জন্য) নম্বরে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
হজ মৌসুম সামনে রেখে সৌদি প্রশাসন হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক অভিযান ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।