ভারতের বিরুদ্ধে কোয়েটায় বিক্ষোভ, পাকিস্তানের পক্ষে অবস্থান হিন্দু সম্প্রদায়ের
আন্তর্জাতিক ডেস্ক:
বৃহস্পতিবার, (১ মে ২০২৫) সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সেখানকার হিন্দু সম্প্রদায়। বুধবার (৩০ এপ্রিল) আয়োজিত এই বিক্ষোভে ভারতের সাম্প্রতিক অভিযোগের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।
বিক্ষোভে নেতৃত্ব দেন পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি ও প্রাদেশিক পরিষদের সদস্য সঞ্জয় কুমার। বিক্ষোভকারীদের হাতে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী নানা স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড। তারা ভারতের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ এবং ‘বিতর্কিত অভিযোগ’ তোলার অভিযোগ করেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা কোয়েটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমবেত হন। সেখানে সঞ্জয় কুমার বলেন, “পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। যদি ভারত পাকিস্তানের ওপর হামলার সাহস দেখায়, তাহলে পাকিস্তানের এক কোটিরও বেশি হিন্দু সেনাদের পাশে দাঁড়াবে।”
তিনি ভারতের কাশ্মীর সংক্রান্ত সাম্প্রতিক অভিযোগ—বিশেষ করে পেহেলগাঁওয়ে সশস্ত্র হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে—এমন দাবিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন।
সমাবেশে অংশ নেওয়া নারী বক্তারাও ভারতের সমালোচনা করে বলেন, ভারতের একতরফা সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্ত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের শামিল। তাদের দাবি, ১৯৬০ সালের সিমলা চুক্তি ভারত একতরফাভাবে বাতিল করতে পারে না—এর জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন।
বক্তারা বলেন, পাকিস্তানে বসবাসরত হিন্দু জনগোষ্ঠী রাষ্ট্রের প্রতি অনুগত এবং দেশরক্ষায় তাদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। সাম্প্রদায়িক বিভাজন তৈরির যে কোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করবে।