মাঝ নদীতে আটকা ফেরি, বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে, ফলে এই পথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
ঘন কুয়াশার ফলে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় বি এস জাহাঙ্গীর ও বাইগার নামক ফেরি দুটি মাঝ নদীতে নোঙর করে আছে। দুর্ঘটনা এড়াতে শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
রোববার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন ক্ষুদে বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি দুটি আটকা পড়ে। এর পরিপ্রেক্ষিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এছাড়া ঘন কুয়াশার কারণে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথও বন্ধ রাখা হয়েছে। কুয়াশার পরিমাণ কমলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে জানান তিনি।