পুতিনের পরোক্ষভাবে ট্রাম্পকে ‘না’ ইউক্রেন ইস্যুতে শান্তি বৈঠকে পুতিন অংশ নিচ্ছেন না
আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার , (১৬ মে ২০২৫) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সম্ভাব্য শান্তি বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তুরস্কের ইস্তানবুলে আয়োজিত সরাসরি শান্তি আলোচনায় অগ্রগতি হলে তিনি নিজে সেখানে উপস্থিত থাকতে পারেন। কাতারে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “যদি কিছু হয়, আমি শুক্রবারই যাব, যদি তা উপযুক্ত হয়।” তিনি আশা প্রকাশ করেন, “আমি সেখানে গেলে পুতিন সম্ভবত খুশি হবেন।”
তবে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট জানিয়ে দেন, “এই মুহূর্তে প্রেসিডেন্ট পুতিনের ইস্তানবুল সফরের কোনো পরিকল্পনা নেই।” এর মাধ্যমে স্পষ্ট হলো, পুতিন পরোক্ষভাবে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, রুশ প্রতিনিধি দল ইতোমধ্যেই শান্তি আলোচনায় অংশ নিতে ইস্তানবুলে পৌঁছেছে। অপরদিকে, ইউক্রেনীয় এক কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনীয় একটি প্রতিনিধি দলও আলোচনায় যোগ দিতে যাচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈঠকে দুই দেশের প্রতিনিধির উপস্থিতি শান্তির সম্ভাবনার দ্বার খুলতে পারে, যদিও শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি আলোচনার গতিপথে প্রভাব ফেলতে পারে।