শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা” শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান ইসলামাবাদীর
নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, (১৬ মে ২০২৫) ঢাকা: ২০১৩ সালের ৫ই মে ঢাকার শাপলা চত্বরে শহীদদের স্মরণে “শাপলা স্মৃতি সংসদ”-এর উদ্যোগে আগামী ২৪শে মে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট সেমিনার হলে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ কনফারেন্স। কনফারেন্সটির শিরোনাম রাখা হয়েছে: “শাপলা চত্বর: শাহাদাতের রক্তে রাঙা অবিনাশী চেতনা”। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইবনে শায়েখুল হাদিস মাওলানা মামুনুল হক।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর ফেসবুক আইডিতে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, শহীদেরা মরে না—তারা চিরঞ্জীব। তাঁদের রক্তে লেখা হয়েছে বিপ্লবের ইতিহাস। শাপলা চত্বর সেই ইতিহাসের এক অবিনাশী অধ্যায়, বাংলার দ্বিতীয় বালাকোট। এ চত্বরেই ২০১৩ সালের ৫ মে রচিত হয়েছিল অবিনাশী চেতনার বীজ, যা আজ এক পবিত্র বৃক্ষে পরিণত হয়েছে—“সাজারায়ে তাইয়েবা”।
তিনি আরও বলেন, দেশ ও ঈমানের শত্রুরা বারবার আঘাত হেনেছে এই পবিত্র ভূমিতে, রুখে দিতে চেয়েছে চেতনার আলোকস্তম্ভ। কিন্তু ঈমানদারদের হৃদয়ে জ্বলতে থাকা বিশ্বাসী চেতনার অগ্নিশিখা আজও সেই আঘাত প্রতিহত করে চলছে। শাপলা চত্বর শুধুমাত্র একটি স্থান নয়, এটি চেতনার বাতিঘর। একে সুরক্ষিত রাখা এবং শক্তিশালী করা প্রজন্মের ঐতিহাসিক দায়িত্ব।
এই মহান দায়িত্ব পালনের লক্ষ্যে “শাপলা স্মৃতি সংসদ”-এর যাত্রা শুরু হতে যাচ্ছে ২৪ মে’র কনফারেন্সের মধ্য দিয়ে। শহীদদের স্মরণ, তাঁদের ত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণই এই কনফারেন্সের মূল উদ্দেশ্য। কনফারেন্সে অংশগ্রহণের জন্য তিনি সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠান উপলক্ষ্যে দেশবাসীর কাছে দোয়া কামনা করে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “আল্লাহ এই উদ্যোগকে সফল ও কবুল করুন।”