শাহবাগ থানা ঘেরাও, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম - দিগন্ত জার্নাল

শাহবাগ থানা ঘেরাও, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, (১৭ মে ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে শুক্রবার (১৬ মে) শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। এই সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সকালে ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) ভবনের সামনে শিক্ষার্থী ও শিক্ষকরা একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ১২টার দিকে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় থানা ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। থানা ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”, “খুনি কেন বাইরে, প্রশাসন কী করে?” ইত্যাদি স্লোগানে এলাকাজুড়ে উত্তেজনা ছড়ান।

পরবর্তীতে শাহবাগ থানার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসলে আইইআরের চার শিক্ষক এবং চার শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল থানায় প্রবেশ করে তিনটি প্রধান দাবি উপস্থাপন করেন:
১. হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ।
২. ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষীদের গ্রেফতার।
৩. দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিতকরণ।

আইইআরের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী বলেন, “আমাদের একমাত্র দাবি—সাম্য হত্যায় জড়িত সব খুনির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি। প্রধান আসামিকে এখনও ধরা হয়নি, এটা আমাদের হতাশ করছে।” অপর শিক্ষার্থী শ্রাবণ বলেন, “পুলিশ যাদের ধরেছে, তারা মূল হোতা নয়। প্রধান আসামি কেন ধরছে না—এ প্রশ্নের জবাব চাই।”

প্রসঙ্গত, গত ১৪ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ও এফ রহমান হল ছাত্রদলের নেতা ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

এদিকে, সাম্য হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলও নতুন কর্মসূচি ঘোষণা করেছে। রোববার বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

an adbox will go here