রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা আইএসপিআরের
প্রতিবেদক: ফারজানা রুবি
শনিবার, (১৭ মে ২০২৫) ঢাকা: রাজধানীর জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত এলাকা, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর এবং এসব এলাকার আশপাশের অঞ্চল।
আইএসপিআর জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে জনগণকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।