যুক্তরাষ্ট্রে ভিসার সময়সীমা লঙ্ঘনে হুঁশিয়ারি, সতর্ক বার্তা দিলো মার্কিন দূতাবাস - দিগন্ত জার্নাল

যুক্তরাষ্ট্রে ভিসার সময়সীমা লঙ্ঘনে হুঁশিয়ারি, সতর্ক বার্তা দিলো মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এক কঠোর সতর্ক বার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভিসার অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশত্যাগে বাধ্য করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপিত হতে পারে। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

এই সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেসব ভারতীয় নাগরিক কর্মী, ছাত্র কিংবা পর্যটক ভিসায় স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যান এবং নির্ধারিত সময়সীমা পেরিয়ে অবস্থান করেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
দূতাবাস বলছে, ‘ভিসার শর্ত লঙ্ঘন করলে আপনার অভিবাসন রেকর্ডে গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে, এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হতে পারে।’

প্রসঙ্গত, অভিবাসন ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম বিতর্কিত ইস্যু। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই প্রথম নির্বাহী আদেশে অভিবাসন নিয়ন্ত্রণের অবস্থান স্পষ্ট করেন।
যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, মার্কিন মাটিতে জন্মগ্রহণকারী সবাই নাগরিকত্বের অধিকার পেয়ে থাকে, তবে ট্রাম্প এই সংশোধনীর বিরুদ্ধেও অবস্থান নেন।

নতুন অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থানরতদের জন্য ফেডারেল সরকারের কাছে বাধ্যতামূলক নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, যারা অনুমোদিত মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন তাদের বিরুদ্ধে দেশে ফেরত পাঠানো, গ্রেপ্তার ও আইনি পদক্ষেপের ঘটনাও বাড়ছে বলে জানা গেছে।

an adbox will go here