পাপুয়ায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত স্বর্ণখনি, ১ জন নিহত, নিখোঁজ ১৯ - দিগন্ত জার্নাল

পাপুয়ায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত স্বর্ণখনি, ১ জন নিহত, নিখোঁজ ১৯

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ার আরফাক পর্বতাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ছোট আকারের স্বর্ণখনি। দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন খনি শ্রমিক। দুর্ঘটনার পর থেকে রোববার পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)।

সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি জানান, শুক্রবার রাতে ভূমিধসের এই ঘটনা ঘটে স্থানীয়ভাবে পরিচালিত একটি স্বর্ণ খনিতে। ওই সময় শ্রমিকরা খনির অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন, যা ভূমিধসে ধসে পড়ে।
উদ্ধারকাজে সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৪০ সদস্যের একটি দল কাজ করছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা, খারাপ আবহাওয়া এবং ক্ষতিগ্রস্ত সড়কপথ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকারী প্রধান ইয়েফরি সাবারুদ্দিন। তার ভাষায়, “দুর্গম এলাকায় পৌঁছাতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।”

ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা ছোট পরিসরের বা অবৈধ খনিগুলোর অধিকাংশই নিরাপত্তাহীন অবস্থায় পরিচালিত হয়।
২০২৪ সালের সেপ্টেম্বরে পশ্চিম সুমাত্রায় এক অবৈধ খনিতে ভূমিধসে প্রাণ হারিয়েছিলেন ১৫ জন। তারও আগে, জুলাই মাসে সুলাওয়েসি দ্বীপের একটি খনিতে ভূমিধসে প্রাণ হারান ২৩ জন। এই পরপর ঘটনার পুনরাবৃত্তি ইঙ্গিত দেয়—ইন্দোনেশিয়ার খনি খাতে নিরাপত্তা ও তদারকির ঘাটতি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত এসব দুর্গম খনিতে কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা।
এদিকে নিখোঁজদের দ্রুত উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ত্রাণকর্মীরা।
সূত্র: মেহের নিউজ

an adbox will go here