যৌন হয়রানির অভিযোগে তদন্ত চলাকালীন ছুটিতে আইসিসি প্রধান কৌঁসুলি করিম খান
আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার, (২০ মে ২০২৫) আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানকে আচরণগত অনিয়ম, বিশেষ করে যৌন হয়রানির অভিযোগে তদন্ত চলাকালীন ছুটিতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আদালতের তদারক সংস্থা অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিজ (এএসপি)। অভিযোগটি তদন্ত করছে জাতিসংঘের বহিঃস্থ সংস্থা ইউএন অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেস।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত করিম খান দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তার অনুপস্থিতিতে কৌঁসুলির দায়িত্ব নিয়েছেন ডেপুটি কৌঁসুলি নাজহাত শামীম খান ও মামে মানদিয়ায় নিয়াং। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো গুরুতর অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করবেন।
এদিকে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র আইসিসি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে করিম খানের নাম প্রকাশ্যে আসে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা চাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েন করিম খান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় এসে আইসিসি কর্মকর্তাদের ওপর ভিসা ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেন, যার কারণে খান তার অফিসিয়াল মেইল ব্যবহারে অক্ষম হয়ে পড়ে প্রোটনমেইল ব্যবহার শুরু করেন।
এই নিষেধাজ্ঞার জেরে আইসিসির কিছু গুরুত্বপূর্ণ তদন্ত ব্যাহত হয়, যেমন সুদানে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত কার্যক্রম। এ পর্যন্ত ছয়জন সিনিয়র কর্মকর্তা পদত্যাগ করেছেন।
তবে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসির সব কাজ স্বাভাবিক গতিতেই চলছে।
এদিকে, রয়টার্সের হাতে পাওয়া এক চিঠিতে করিম খান জানান, “এই সিদ্ধান্ত আদালতের মর্যাদা, স্বচ্ছতা এবং তদন্ত প্রক্রিয়ার প্রতি গভীর দায়িত্ববোধ থেকে এসেছে।” তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও পদত্যাগ করেননি এবং সে ধরনের কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তারা বলেন, গণমাধ্যমে যেভাবে বিষয়টি প্রচারিত হচ্ছে, তাতে করিম খানের পেশাগত কাজ ব্যাহত হচ্ছে।