আবারও প্রধানমন্ত্রী হতে চান মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ায় মিশ্র প্রতিক্রিয়া - দিগন্ত জার্নাল

আবারও প্রধানমন্ত্রী হতে চান মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বুধবার , (২১ মে ২০২৫) আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত ড. মাহাথির মোহাম্মদ আবারও দেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পুত্রজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে (পিএলএফ) আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন। অনুষ্ঠানে তার জীবন ও নেতৃত্ব নিয়ে লেখা বই ‘A Conversation with Tun Dr Mahathir bin Mohamad: A Legacy of Leadership and Vision’ উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ‘২১শ শতাব্দীতে অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে মাহাথির বলেন, “আমি যদি আবার প্রধানমন্ত্রী হই, তাহলে জাতি, ধর্ম ও রাজতন্ত্র সম্পর্কিত আলোচনা নিষিদ্ধ করার জন্য যে শাস্তি আরোপ করা হয়েছে, তা তুলে দেব। মানুষ কী ভাবছে, তা জানার অধিকার একজন নেতার থাকা উচিত। তাদের মুখ বন্ধ করে দিলে নেতৃত্ব সফল হয় না।”

তিনি আরও বলেন, “আমাদের দরকার বাক-স্বাধীনতা, ব্যবসার স্বাধীনতা, এবং সরকার ও বেসরকারি খাতের মধ্যে দৃঢ় সহযোগিতা। কারখানাগুলোর উন্নয়ন ও সর্বক্ষেত্রে সহজীকরণ জরুরি।”

তবে মাহাথিরের এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মাহাথিরের অতীতের বক্তব্য ও নীতিকে স্মরণ করে বলেছেন, তিনি নিজেই এক সময় মালয় আধিপত্য ও বিভেদমূলক মন্তব্য করে জাতিকে বিভক্ত করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, “তিনি আর কতবার দেশ চালাতে চান?”

উল্লেখ্য, ২০২০ সালে মাহাথির হঠাৎ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে দেশটিতে অস্থায়ী সরকার সংকট দেখা দেয় এবং পরবর্তী সময়ে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও তার কিছু আজীবন অনুসারী এখনো সক্রিয়, তবে মালয়েশিয়ার একটি বড় অংশের জনগণ মনে করে, মাহাথিরের এখন অবসর গ্রহণই উচিত।

an adbox will go here