শায়খ মুফতী হাফীজুদ্দীনের হজ্ব কাফেলায় বাইতুল্লাহর পথে এক রূহানী অভিযাত্রা
নিজস্ব প্রতিবেদক:
২৭ মে — আজ মঙ্গলবার পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হচ্ছেন দেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যক্তিত্ব, পীরে কামেল শায়খ মুফতী হাফীজুদ্দীন সাহেব দা.বা.। দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।
শায়খ দা.বা.-এর এই হজ্বযাত্রা কেবল একটি ব্যক্তিগত ইবাদতের সফর নয়, বরং একটি আত্মশুদ্ধিমূলক রূহানী অভিযাত্রা। তিনি উম্মতের জন্য দোয়া, মুসলিম বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় এই মহামানবিক সফরে রওনা হচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ অনুসারীরা।
হজ্বযাত্রার প্রাক্কালে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আলেম-উলামা, মুরীদ, তালিবে ইলম ও সাধারণ মানুষ ছুটে আসেন শায়খের সাক্ষাৎ লাভ ও বিদায় জানাতে। বিমানবন্দরে বিদায় মুহূর্তে অনেকের চোখে জল, মুখে দোয়া ও অন্তরে এক গভীর প্রশান্তি ও ভালোবাসার আবেগ লক্ষ্য করা যায়।
দেশের ইসলাহী আন্দোলনের অন্যতম রূহানী অগ্রদূত হিসেবে মুফতী হাফীজুদ্দীন সাহেব দা.বা. দীর্ঘদিন যাবৎ ইসলামী শিক্ষা, আত্মিক পরিশুদ্ধি ও মুহাব্বতভিত্তিক দাওয়াতের মাধ্যমে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত ইসলাহী কার্যক্রম আজ দেশজুড়ে আলো ছড়াচ্ছে।
আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন শায়খ দা.বা.-এর হজ্বযাত্রাকে কবুল করেন, তাঁকে নিরাপদে সুস্থতার সঙ্গে দেশে ফিরিয়ে আনেন এবং এই পবিত্র সফর উম্মতের জন্য হিদায়াত, বরকত ও রহমতের উসিলা হয়ে উঠুক—আল্লাহুম্মা আমীন।