ইমরানের মুক্তি নিয়ে আলিমার প্রস্তাব,উড়িয়ে দেওয়া যায় না: খাজা আসিফ
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ২৮ মে ২০২৫
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির লক্ষ্যে তার বোন আলিমা খানের দেওয়া ‘গিভ অ্যান্ড টেক’ প্রস্তাবকে ‘উড়িয়ে দেওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
মঙ্গলবার জিও নিউজের এক টকশোতে খাজা আসিফ বলেন, ‘আলিমার প্রস্তাব দুর্বল হলেও তা একেবারে বাতিলযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে দেখা যেতে পারে।’ তবে তিনি পিটিআই কর্মীদের—বিশেষ করে প্রবাসীদের—রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন ভাষা ও আক্রমণাত্মক প্রচারণার সমালোচনা করেন। তার মতে, এসব প্রচারণার পেছনে দলের শীর্ষ নেতাদের সম্মতি রয়েছে। তিনি বলেন, ‘পিটিআই সংলাপের ডাক দিলেও তাদের অবস্থান স্পষ্ট নয়। তারা কি আসলে সংলাপ চায়, নাকি শুধু নিজেদের স্বার্থে ডিল খুঁজছে?’
এদিন এক সংবাদ সম্মেলনে আলিমা খান বলেন, ‘আপনারা যারা অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছেন, গোপনে নয়—সামনে এসে বলুন, আমাদের ভাই আপনাদের কী ভুল করেছেন?’ তিনি দাবি করেন, বিচারকদের ওপর চাপ রয়েছে, মামলার পিটিশন লিস্ট থেকে গায়েব হচ্ছে এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। আলিমা বলেন, ‘আমার ভাই আজীবন জেলেও থাকলে অন্যায়ের কাছে মাথা নত করবেন না। তবে আলোচনার টেবিল খোলা রাখতে চাই।’
এই প্রস্তাবকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। পিএমএল-এনের সিনেটর ইরফান সিদ্দিকি কটাক্ষ করে বলেন, ‘গিভ অ্যান্ড টেক যদি ডিল না হয়, তবে সেটা কী? আলিমা যা নিতে চাইছেন, তা ঠিক আছে, কিন্তু পিটিআই এখন কী দিতে পারবে?’
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়ে একাধিক দুর্নীতি ও সন্ত্রাসবাদ মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। সেনা ও বিচার বিভাগের ‘অদৃশ্য হস্তক্ষেপ’ নিয়ে বিতর্কের মধ্যেই আলিমার এই প্রস্তাব নতুন আলোচনার জন্ম দিয়েছে—যার পরিণতি এখনও অনিশ্চিত।