২০ লাখের বেশি মুসলিমকে নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু - দিগন্ত জার্নাল

২০ লাখের বেশি মুসলিমকে নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

বৃহস্পতিবার , (৫ জুন ২০২৫) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ২০ লাখেরও বেশি মুসলিমকে নিয়ে। ৮ জিলহজ বুধবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে মঙ্গলবার রাত থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হজযাত্রীরা ইহরাম বেঁধে মিনার উদ্দেশে রওয়ানা হন। সেলাইবিহীন শুভ্র কাপড়ে আবৃত হয়ে মুসল্লিরা মিনায় পৌঁছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত করে তোলেন তাঁবুর শহর।

বাংলাদেশ থেকে এ বছর ৮৫ হাজার ১৬৪ জন হজে অংশ নিচ্ছেন। তাঁদের সেবায় ১৮টি টিম কাজ করছে মিনায়। হজযাত্রীরা মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং রাত যাপন করেন ইবাদতের মধ্য দিয়ে। এখান থেকে সূর্যোদয়ের পর ৯ জিলহজ বৃহস্পতিবার যাত্রা করেন হজের মূল পর্ব আরাফাতের ময়দানে, যেখানে উপস্থিত না হলে হজ পূর্ণ হয় না।

আরাফাতের ময়দানে আজ বিশ্ব মুসলিম একত্রিত হবেন মহান আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আত্মশুদ্ধি, ক্ষমা ও রহমত পাওয়ার আশায়। আরাফাতে বিদায় হজের ভাষণের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জাবালে রহমতের পাদদেশে মসজিদে নামিরা থেকে এবার হজের খুতবা প্রদান করছেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ। খুতবাটি বাংলা ছাড়াও আরও ২০টি ভাষায় অনুবাদ করা হচ্ছে। বাংলা অনুবাদ করছেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থী—ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব।

চরম গরমের মধ্যে আরাফাতে অবস্থান করা হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁবুতে অবস্থানের আহ্বান জানানো হয়েছে। এবারে হজ উপলক্ষে প্রায় ৫০ হাজার স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মী নিয়োজিত রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৭০০টির বেশি হাসপাতালের শয্যা। অতিরিক্ত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় চিকিৎসাসেবা সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে ৬০ শতাংশ পর্যন্ত।

হজের আনুষ্ঠানিকতা শেষ হবে ১২ জিলহজ শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মধ্য দিয়ে।

an adbox will go here