ঈদের দিনে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে তুলনামূলক বেশি
নিজস্ব প্রতিবেদক:
শনিবার, (৭ জুন ২০২৫) পবিত্র ঈদুল আজহার এই আজকের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, ঈদের দিন সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে আবহাওয়া কিছুটা গরম থাকতে পারে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত স্বস্তির বার্তা বয়ে আনতে পারে।
এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় পূর্বাভাস অনুযায়ী উল্লেখিত বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি ঈদের পরদিনও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে—যেখানে দেশের অধিকাংশ অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে দু-এক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং সেইসঙ্গে তাপমাত্রাও কমতে পারে। ফলে ঈদের পরের দিনগুলোতে বৃষ্টি ও স্বস্তির সম্ভাবনা বাড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন।