ঈদের দিন ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা কিছুটা বাড়তে পারে - দিগন্ত জার্নাল

ঈদের দিন ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা কিছুটা বাড়তে পারে

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, (৭ জুন ২০২৫) ঈদুল আজহার দিন ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। এর আগের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, সারাদেশের জন্য আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

an adbox will go here