ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ৬, আহত ৮০ - দিগন্ত জার্নাল

ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ৬, আহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার, (৭ জুন ২০২৫) ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে শুক্রবার ভোররাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৬ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এই হামলা ইউক্রেনের ড্রোন অভিযানে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান ধ্বংস হওয়ার জবাবে চালানো প্রতিশোধমূলক আক্রমণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেই ইউক্রেনকে এর ফল ভোগ করার হুঁশিয়ারি দিয়েছিলেন।

হামলায় চেরনিহিভে একটি ধ্বংসপ্রাপ্ত শিল্প কারখানার ধ্বংসাবশেষ থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। লুটস্ক শহরের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে একজনের মরদেহ পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। ওই শহরে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টারনোপিল শহরে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং পুরো শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আগুনের কারণে বাতাসে বিষাক্ত পদার্থের ঘনত্ব বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রুশ বাহিনী সর্বমোট ৪০৭টি ড্রোন এবং ৪৫টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা একক আক্রমণের মধ্যে অন্যতম সর্বোচ্চ মাত্রার হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

কিয়েভ শহরের মেট্রো ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। সোলোমিয়ানস্কি জেলায় একটি ড্রোন বহুতল ভবনের পাশেই আঘাত হানে, এতে একটি বড় গর্ত তৈরি হয় এবং নিচে পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে ড্রোনের ইঞ্জিনসদৃশ একটি ধাতব বস্তু উদ্ধার করে পরীক্ষা করছে পুলিশ।

এই হামলায় কিয়েভে নিহত তিনজন ছিলেন জরুরি সেবাকর্মী, যারা আগের এক হামলার পর ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয় হামলায় প্রাণ হারান বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া চেরনিহিভে ২ জন এবং লুটস্কে ১ জন নিহত হন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, “রাশিয়া তাদের ধ্বংসপ্রাপ্ত বিমানগুলোর প্রতিশোধ নিচ্ছে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে। তারা বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করছে, বহুতল ভবন ধ্বংস করছে।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য বলেছে, এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত একটি হামলা ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তারা (ইউক্রেন) পুতিনকে একটা অজুহাত দিয়েছে গত রাতে বোমাবর্ষণ করার জন্য।”

an adbox will go here