ঈদুল আজহায় গাজায় ইসরাইলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত - দিগন্ত জার্নাল

ঈদুল আজহায় গাজায় ইসরাইলি হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার, (৭ জুন ২০২৫) মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হলেও ফিলিস্তিনের গাজায় নির্মম হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। শুক্রবার সকালে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার জরুরি পরিষেবা বিভাগ ‘সিভিল ডিফেন্স’ কর্মকর্তা এএফপিকে জানান, সকাল থেকে একাধিক হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় ১১ জনের প্রাণহানি ঘটে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সকাল থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪২ জন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে আরও সাত ফিলিস্তিনি প্রাণ হারান।

এই পরিস্থিতির মধ্যেই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) শুক্রবার জানিয়েছে, গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ পর্যন্ত, যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত বিতর্কিত ফাউন্ডেশনটির দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর।

an adbox will go here