গরমে মৃত্যু ছাড়াই সম্পন্ন হলো হজ, অসুস্থতাও কমেছে ৯০ শতাংশ - দিগন্ত জার্নাল

গরমে মৃত্যু ছাড়াই সম্পন্ন হলো হজ, অসুস্থতাও কমেছে ৯০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার, (৭ জুন ২০২৫) চলতি বছর প্রচণ্ড গরমের মধ্যেও সফলভাবে সম্পন্ন হয়েছে হজ। তবে আশার কথা হলো, গত বছরের মতো এবার আর গরমজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এমনকি গরমের কারণে অসুস্থ হাজির সংখ্যাও ছিল প্রায় ৯০ শতাংশ কম। খবর গালফ নিউজের।

শুক্রবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এবারের সফল ব্যবস্থাপনার কৃতিত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগ, ডাক্তার, নার্স এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টাকে।

বিবৃতিতে আরও জানানো হয়, ছায়াযুক্ত জায়গার পরিমাণ বাড়ানো, উন্নত কুলিং সিস্টেম, পর্যাপ্ত অবকাঠামো এবং হাজিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে এই অর্জন সম্ভব হয়েছে। এতে করে গ্রীষ্মের তীব্রতা সত্ত্বেও হাজিদের মধ্যে অস্বস্তির মাত্রা ছিল কম।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে স্বাস্থ্যসেবা খাতকে দক্ষ ও কার্যকর করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এবারের হজে সে লক্ষ্যে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে দাবি করা হয়।

প্রচণ্ড মরুপ্রবণ সৌদি আরবে জুন মাসে তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। গত বছর জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হজে গরমে প্রাণ হারান ১ হাজার ৩০০ জনের বেশি এবং অসুস্থ হন কয়েক হাজার মুসল্লি।

তবে চলতি বছর ৪ জুন শুরু হয়ে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হজে এমন কোনো মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়নি। সৌদি পরিসংখ্যান দফতর গাস্তাতের তথ্যমতে, ২০২৫ সালের হজে অংশ নিয়েছেন মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬৫০ জন সৌদি নাগরিক এবং বাকি প্রায় ১৫ লাখ ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের হাজি।

সার্বিকভাবে এবারের হজ ব্যবস্থাপনা মুসলিম বিশ্বে স্বস্তি ও সন্তোষের বার্তা এনেছে।

an adbox will go here