মৃদু তাপপ্রবাহ অব্যাহত, ১১ জুন থেকে বাড়তে পারে বৃষ্টি - দিগন্ত জার্নাল

মৃদু তাপপ্রবাহ অব্যাহত, ১১ জুন থেকে বাড়তে পারে বৃষ্টি

আবহাওয়া ডেস্ক:

সোমবার, (৯ জুন ২০২৫) দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৬ জুন থেকে সারা দেশে বৃষ্টি কমে যাওয়ার পর থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবারও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় এই গরমের সৃষ্টি হয়েছে। তবে আগামী ১১ জুন থেকে দেশের তাপমাত্রা কিছুটা কমে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জনগণকে প্রয়োজন ছাড়া দুপুরের গরমে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। তীব্র গরমে সর্দি-জ্বর ও হিটস্ট্রোকের আশঙ্কাও বাড়ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

an adbox will go here