ইসরাইল হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত, যুদ্ধ অব্যাহত থাকবে বলছে তেহরান
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ- ১৪ জুন ২০২৫
ইসরাইলি বিমান হামলায় ইরানের আরও দুজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির।
নিহতদের মধ্যে রয়েছেন সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অব ইন্টেলিজেন্স জেনারেল গোলাম রেজা মেহরাবি এবং ডেপুটি হেড অফ অপারেশনস জেনারেল মেহদি রব্বানি। শুক্রবার রাতে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় তারা ‘শহীদ’ হন।
ইসরাইলের এই হামলা রাজধানী তেহরানসহ একাধিক শহরে চালানো হয়, যেখানে সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর আগেই নিহত হন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেলআবিব, যাতে অন্তত তিনজন নিহত এবং ১৭২ জন আহত হয়েছে।
সবশেষে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানে অভিযান অব্যাহত রাখবে। অন্যদিকে, ইরানও ইঙ্গিত দিয়েছে, তাদের পাল্টা প্রতিক্রিয়াও থেমে থাকবে না। ফার্স সংবাদ সংস্থাকে দেওয়া এক মন্তব্যে এক সিনিয়র সামরিক কর্মকর্তা বলেন, “গত রাতের সীমিত পদক্ষেপই শেষ নয়, আমাদের প্রতিশোধ চলবে এবং তা ইসরাইলের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে।”