৬০ ঘণ্টা ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরান
আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, (২১ জুন ২০২৫) বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ থেকে টানা ৬০ ঘণ্টা বিচ্ছিন্ন রয়েছে ইরান। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির মতে, এই দীর্ঘ অবরোধের ফলে ইরানি জনগণের রাজনৈতিক মতপ্রকাশ, অবাধ যোগাযোগ এবং জরুরি নিরাপত্তা সতর্কতা গ্রহণের সক্ষমতা চরমভাবে ব্যাহত হচ্ছে।
নেটব্লকস জানায়, ইরান বর্তমানে প্রায় সম্পূর্ণ জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট-এর মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি সাইবার হামলা থেকে নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক মহল ধারণা করছে, সরকারের আরোপিত নিয়ন্ত্রণমূলক অবরোধের ফলেই এই ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে।
এর আগে গত ১৯ জুন, টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, ইরান অন্তত ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সীমা ছাড়িয়ে ৬০ ঘণ্টায় গিয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ জুন থেকে ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। ইসরাইলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালায় তেহরান। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়। পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।