উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি মাদানী মজলিস বাংলাদেশের গভীর শোক ও সমবেদনা
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ | রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে এক মর্মান্তিক বিপর্যয়ের সৃষ্টি হয়। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, দুর্ঘটনায় এখন পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও পাইলটসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং ৫০ থেকে ১৬৪ জন আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই হৃদয়বিদারক ঘটনায় মাদানী মজলিস বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি শায়খ আল্লামা মুফতী হাফীজুদ্দীন সাহেব (দা.বা.)। এক শোকবার্তায় তিনি বলেন— “এটি একটি জাতীয় ট্র্যাজেডি। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের নির্মম মৃত্যুতে সমগ্র জাতি শোকাহত, ব্যথিত ও নিথর হয়ে গেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি।”
তিনি আরও বলেন, “যাঁরা তাঁদের প্রিয়জন হারিয়েছেন, আমরা তাঁদের শোক ও বেদনায় পরিপূর্ণভাবে অংশগ্রহণ করছি। আল্লাহ তাআলা যেন এই ঘটনায় নিহত সকল শহীদকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।”
ঘটনার প্রতিক্রিয়ায় তিনি দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের বেদনাদায়ক দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। শেষে তিনি বলেন, “আসুন, আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে হাত তুলিয়ে দোয়া করি— হে আল্লাহ! নিহত সকলকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, আহতদের পূর্ণ সুস্থতা দিন এবং গোটা দেশবাসীকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।”
— সভাপতি, মাদানী মজলিস বাংলাদেশ