রাষ্ট্রীয় দায়িত্বে আলেমদের এগিয়ে আসার আহ্বান: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । শনিবার ২২ নভেম্বর ২০২৫
শনিবার, ২২ নভেম্বর ২০২৫ — আলেমদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আলেম-ওলামাদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ততা ছাড়া দেশে স্থায়ী সুখ-শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। গতকাল চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের আরও তৎপর হতে হবে। জনগণ ও ওলামা-মাশায়েখদের সম্পর্ক সুদৃঢ় না হলে সমাজে কল্যাণ প্রতিষ্ঠিত হয় না। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনতেও আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ব্যক্তিগত ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, “আমরা নিজের দোষ দেখি না, পরের দোষ খুঁজি। কাউকে সম্মান দিলে সম্মান ফিরে আসে।” তিনি বিনয়ী হওয়ার ওপর জোর দিয়ে বলেন, ক্ষমতা, টাকা-পয়সা বা পদ—কিছুই স্থায়ী নয়; তাই আল্লাহকে স্মরণে রাখা অপরিহার্য।
তিনি আরও বলেন, উলামায়ে কেরামের সংস্পর্শ মানুষকে আলোকিত করে, উন্নত চারিত্রিক গুণ অর্জনে সহায়তা করে। আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং নেক দোয়া নেওয়ার গুরুত্বও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। আরও উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী ও মুফতি কিফায়াতুল্লাহসহ বরেণ্য আলেমরা।