ইরানে কাল ইসলামি বিপ্লব দিবস, দেড় হাজার শহরে মিছিল
অনলাইন ডেস্ক । আন্তর্জাতিক । বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে আগামীকাল ইসলামি বিপ্লব দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের দেড় হাজারের বেশি শহরে শোভাযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
মার্কিন সামরিক নৌবহর ইরানের সীমান্তের কাছে অবস্থান নিলেও যুক্তরাষ্ট্রের এই রণপ্রস্তুতিকে উপেক্ষা করেই বিপ্লব দিবস পালনের ঘোষণা দিয়েছেন ইরানি কর্তৃপক্ষ। ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিল জানিয়েছে, এবারের কর্মসূচিতে দেশি ও বিদেশি মিলিয়ে ৭ হাজার ৭ শতাধিক সাংবাদিক অংশ নেবেন।
কাউন্সিলের অনুষ্ঠান ও প্রাদেশিক বিষয়ক উপ-প্রধান কামাল খোদাদাদেহ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, প্রতি বছর ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ‘২২ বাহমান’ শোভাযাত্রা ঘিরে এবারও ব্যাপক আন্তর্জাতিক গণমাধ্যম কভারেজ থাকবে। অস্ট্রিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র, কাতার, রাশিয়া, জার্মানি, স্পেন ও চীনের বিভিন্ন টেলিভিশন ও সংবাদ সংস্থা তেহরানের আজাদি স্কয়ার থেকে সরাসরি সম্প্রচার করবে।
তিনি আরও জানান, ইরানের অ্যারোস্পেস ও সামরিক খাতের বিভিন্ন অর্জন শোভাযাত্রার রুটে প্রদর্শন করা হবে, যার মধ্যে কিছু প্রযুক্তি প্রথমবারের মতো উন্মোচন করা হবে।
সাম্প্রতিক সহিংস বিক্ষোভ ও হতাহতের প্রসঙ্গ টেনে খোদাদাদেহ বলেন, শত্রুপক্ষ জনগণের ঐক্য ভাঙার চেষ্টা করলেও ইরানিরা আগের মতোই সংহতি বজায় রেখেছে।
১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রসমর্থিত পাহলভি শাসনের পতনের স্মরণে প্রতি বছর এই বিপ্লব দিবস পালন করা হয়। ওই বছরের ১১ ফেব্রুয়ারি সেনাবাহিনী বিপ্লবীদের পক্ষে অবস্থান নিলে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে।
সূত্র: প্রেস টিভি