সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করা হয়েছে
দিগন্ত জার্নাল ডেস্ক: বুধবার ৪ নভেম্বর ২০২৬
ঢাকা: সচিবালয়ে নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড দৃশ্যমান স্থানে রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক নিজ নিজ প্রবেশ কার্ড বা পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মী, সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওটিপির মাধ্যমে অনুমোদিত দর্শনার্থীরা প্রবেশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্র দৃশ্যমান রাখা জরুরি। এ বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।
এর আগে, গত ২৭ অক্টোবর দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে আরও কিছু নির্দেশনা জারি করা হয়। এতে সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের দিনে বাইরের প্রতিষ্ঠানের সঙ্গে সভা যথাসম্ভব সীমিত রাখার কথা বলা হয়।
এ ছাড়া দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা নির্ধারণ করা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটিকালীন সময়ে ওটিপি বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়।
সচিবালয়ের নিরাপত্তা, প্রবেশ নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।