একাডেমিক নিরীক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা - দিগন্ত জার্নাল

একাডেমিক নিরীক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

একাডেমিক নিরীক্ষক, প্রশিক্ষণ কর্মশালা, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, উচ্চশিক্ষার গুণগত মান

দিগন্ত জার্নাল ডেস্ক: বুধবার ৪ নভেম্বর ২০২৬

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান যাচাইয়ে একাডেমিক নিরীক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় কাউন্সিলের ৯২ জন একাডেমিক নিরীক্ষক অংশ নেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বহিঃস্থ গুণগত মান মূল্যায়নে নিরীক্ষকদের দক্ষতা বৃদ্ধি, স্বার্থের সংঘাত ও গোপনীয়তা রক্ষার নীতি সম্পর্কে সচেতনতা তৈরি এবং কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কাউন্সিলের সচিব অধ্যাপক এ কে এম মনিরুল ইসলাম। স্বার্থের সংঘাত ও গোপনীয়তা ব্যবস্থাপনা নীতিমালা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। সরেজমিন পরিদর্শনে বহিঃস্থ গুণগত মান মূল্যায়ন প্রক্রিয়া কার্যকর করার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. শাহ এমরান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল ও মো. এমদাদুল হক। উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। এ সময় নিরীক্ষকরা তাঁদের অভিজ্ঞতা ও বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। চেয়ারম্যান তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং অ্যাক্রেডিটেশন কার্যক্রম আরও গতিশীল করতে লিখিত পর্যবেক্ষণ জমা দেওয়ার আহ্বান জানান।

চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন ও তা ধরে রাখাই কাউন্সিলের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নিরীক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নিতে বলেন তিনি।

কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করেন উপপরিচালক ড. ফারজানা শারমিন। এতে শিক্ষাবিদ, গুণগত মান নিশ্চায়ন বিশেষজ্ঞ ও কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Home » কাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ
an adbox will go here