ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট ট্রাম্প
অনলাইন ডেস্ক: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে ভ্যান্সের সঙ্গে তাঁর সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেছেন তিনি।
ভ্যান্সের মন্তব্য নিয়ে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। তবে অনেকেই তাঁর মন্তব্য পছন্দ করেননি। আমিও করিনি।’
ট্রাম্প আরও বলেন, ‘ভ্যান্স ঠিকই বলেছেন। তবে তাঁর আরও একটি কথা বলা উচিত ছিল, যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি আবারও ইরানে হামলা চালানোর সুযোগ আসে, তাহলে কি তিনি তা করবেন? এর উত্তর হলো, হ্যাঁ।’
ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, ইতিহাসে এটি যুক্তরাষ্ট্রের নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। কারণ, তাঁর দাবি, ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারত।
তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান।
২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে পারমাণবিক চুক্তি করে। ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল দেশটি।
তবে ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। এরপর চুক্তিটি কার্যত ভেঙে পড়ে।