তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির - দিগন্ত জার্নাল

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নিয়ে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

দিগন্ত জার্নাল ডেস্ক: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করছেন।

বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের রূপান্তরমূলক ভূমিকা এবং গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

এসব সাক্ষাতে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর নির্বাচনি ম্যান্ডেটের জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিষয়ে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ওআইসির মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

লন্ডনের মেয়রের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় মেয়র তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। সে অনুযায়ী তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এদিকে, কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়টিও আলোচনায় এসেছে।

এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। হুমায়ুন কবির বলেন, এ সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর আগের দিনের বৈঠককেও ফলপ্রসূ বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনাও আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে তা বিবেচনা করবে।

Home » তারেক রহমানের নেতৃত্ব
an adbox will go here