অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের - দিগন্ত জার্নাল

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের

অপ্রয়োজনীয় হর্ন ও শব্দদূষণ বন্ধে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

দিগন্ত জার্নাল ডেস্ক: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও সড়ক পরিবহন আইন অনুসারে এসব কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রিটকারী পক্ষের আইনজীবী হাসানুল বান্না।

আদালতের নির্দেশনায় নীরব এলাকায় যথাযথ সাইনবোর্ড স্থাপন, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথা বলা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনে বিশেষ বার্তা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ এবং শব্দদূষণসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে স্বচ্ছ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন আদালত। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে আইন ও বিধিমালা নিয়ে প্রচারণা চালাতেও বলা হয়েছে।

এসব নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআরটিএ ও রাজউকের চেয়ারম্যান, ডিএমপি কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের। তাঁদের প্রতি তিন মাস পরপর আদালতে বাস্তবায়ন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী।

Home » হর্ন বন্ধে হাইকোর্টের নির্দেশ
an adbox will go here