রামিসা হত্যা মামলার রায় আজ হাইকোর্টে
দিগন্ত জার্নাল ডেস্ক: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। একই দিন রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণ অনুযায়ী, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। একই ভবনের অন্য ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৫ মে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক অহিদুজ্জামান।
গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।
এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দুই আসামি জেল আপিল করেন।