চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া নথি উদ্ধার: ভাঙারি দোকানে মিলল ৯ বস্তা
দিগন্ত জার্নাল ডেস্ক:
চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া এক হাজার ৯১১টি মামলার গুরুত্বপূর্ণ নথি (কেস ডকেট) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভাঙারির দোকানের গোডাউনে রাখা ৯ বস্তা নথি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
গত ৫ জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় রাখা নথিগুলো চুরি হয়ে যায়। এই নথিগুলোতে হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তথ্য ছিল। চুরি হওয়া নথিগুলোর বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া এ বিষয়ে কোতোয়ালি থানায় জিডি করেন। তিনি জানান, নথি রাখার জায়গার অভাবে এগুলো বারান্দায় রাখা হয়েছিল। চুরির পর এগুলো উদ্ধারে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং আটক ব্যক্তির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।