মোবাইল ইন্টারনেটে সুখবর: চালু হচ্ছে ‘ক্যারি ফরওয়ার্ড’ সুবিধা
দিগন্ত জার্নাল ডেস্ক:
মোবাইল ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার জারি করা নির্দেশনায় অপারেটরদের ওপর থাকা প্যাকেজের সীমাবদ্ধতা তুলে নিয়ে নতুনভাবে ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ক্যারি ফরওয়ার্ড’ সুবিধা, যা গ্রাহকদের অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজে ব্যবহার করার সুযোগ দেবে।
নতুন নির্দেশনায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে:
১. নিয়মিত প্যাকেজ: সব গ্রাহকের জন্য উন্মুক্ত।
২. বিশেষ প্যাকেজ: নির্দিষ্ট গ্রাহকের ব্যবহার ও গড় আয় বিবেচনায়।
৩. রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ: বাজার যাচাইয়ের জন্য।
প্যাকেজের মেয়াদ ও সীমা: নিয়মিত প্যাকেজের মেয়াদ হবে কমপক্ষে ১৫ দিন।
বিশেষ প্যাকেজের মেয়াদ ৩ দিন এবং গবেষণামূলক প্যাকেজ ৭ দিনের।
গ্রাহক ঘণ্টাভিত্তিক প্যাকেজ নিতে পারবেন। যেমন: প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ এমবি ডেটা, ১ দিনে ৩ জিবি, ৩ দিনে ৮ জিবি।
ক্যারি ফরওয়ার্ড সুবিধা: কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহক যদি একই প্যাকেজ আবার ক্রয় করেন, তবে আগের প্যাকেজে অব্যবহৃত ডেটা নতুন প্যাকেজে যোগ হবে।
অতিরিক্ত সুবিধা: গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী ‘ফ্লেক্সিবল প্ল্যান’ গ্রহণ করতে পারবেন।
আনলিমিটেড প্যাকেজও থাকবে, তবে নির্দিষ্ট শর্তে।
রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘণ্টা ভিত্তিক কোনো প্যাকেজ দেওয়া যাবে না।
প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএসে জানানো বাধ্যতামূলক।
বিটিআরসির মতে, এই পরিবর্তনগুলো ইন্টারনেট ব্যবহারে স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান বাড়াবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে।