এনজিও কর্মী থেকে টাকা ছিনতায়ের ঘটনায় চারজনের যাবজ্জীবন
দিগন্ত জার্নাল ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র ঠেকিয়ে এনজিও কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।১৪ জানুয়ারী ২০২৫ মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার পোতাজিয়া গ্রামের এরশাদ আলী (গোলজার হোসেন রানা), পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার আবুল হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের হাসান আলী প্রামানিক।
মামলার বরাত দিয়ে আদালতের এপিপি হাদীউজ্জামান শেখ জানান, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম বাড়াবিল গ্রামে গিয়ে বিভিন্ন সদস্যের কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করেন। দুপুরে ওই টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে আসামিরা তিনটি মোটরসাইকেল নিয়ে তাকে ঘিরে ধরেন। ওই সময় তারা আশরাফুলের মাথায় পিস্তল ও শাটারগান ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং টাকা ছিনিয়ে নেন। আশরাফুলের চিৎকার শুনে স্থানীয়রা এসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয় এবং পরে তাদেরকে অস্ত্রসহ পুলিশে সোর্পদ করে।