এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু, সতর্কতা জারি
দিগন্ত জার্নাল ডেস্ক:
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত সানজিদা আক্তার (৩০) বুধবার রাতে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার স্বজনদের মতে, সানজিদার নিউমোনিয়া ও ভাইরাসজনিত সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও স্থূলতা ও কিডনি সমস্যার জটিলতার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
১২ জানুয়ারি তার এইচএমপিভি সংক্রমণের খবর প্রকাশিত হয়। জানা যায়, সানজিদার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না। তবে চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) জানিয়েছে, এই ভাইরাস বিশেষত ১৪ বছরের কম বয়সি শিশু, ৬৫ বছরের বেশি বয়সি ব্যক্তি এবং হাঁপানি, সিওপিডি, গর্ভবতী নারী ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে ঝুঁকি বাড়ায়।
এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ দিলেও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর প্রতি বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতে এইচএমপিভি দ্রুত ছড়াচ্ছে, তাই ভাইরাসটি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।