বৃহত্তর উত্তরা উলামা আইম্মা পরিষদ গঠন: ঐক্যের বার্তা
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীর বৃহত্তর উত্তরা অঞ্চলের আলেমরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে ‘বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ’ নামে একটি নতুন কমিটি গঠন করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি২০২৫ ) সকালে উত্তরা ৬ নম্বর সেক্টরের কমিউনিটি সেন্টারে বৃহত্তর উত্তরা অঞ্চলের শীর্ষ আলেমদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরার মুরুব্বি মাওলানা নাজমুল হাসান কাসেমী। সঞ্চালনায় ছিলেন মাওলানা আব্দুস সাত্তার ও মুফতি গিয়াসউদ্দিন আল মাদানী।
সভায় মাওলানা নাজমুল হাসান কাসেমীকে সভাপতি এবং মুফতি কিফায়াতুল্লাহ আযহারীকে নির্বাহী সভাপতি নির্বাচিত করা হয়। মুফতি মহিউদ্দিন মাসুম সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক, মুফতি গিয়াসউদ্দিন আল মাদানী যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাওলানা জাকির কাসেমী সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। ১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি উত্তরা অঞ্চলের উলামাদের ঐক্যবদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, “উত্তরার উলামায়ে কেরাম অতীতেও দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। আজকের এই কমিটি সেই ঐক্যের সাংগঠনিক ভিত্তি প্রতিষ্ঠা করবে। হিজবুত তাওহীদ, কাদিয়ানী ও সাদীয়ানীদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলেছি এবং নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আত্মত্যাগ করেছি। ভবিষ্যতেও যে কোনো অন্যায়-জুলুমের বিরুদ্ধে আমাদের ভূমিকা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “কিছু ব্যক্তি কমিটি বাণিজ্যের মাধ্যমে উত্তরা অঞ্চলের উলামাদের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।”
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ তাদের ঐক্যবদ্ধ কার্যক্রমের মাধ্যমে জাতি ও উম্মাহর স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।