জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পদ থেকে সরে দাঁড়ালেন সারজিস আলম
দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ফাউন্ডেশনের কাঠামো পরিবর্তনের ফলে সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হয়েছে।
সারজিস আলম জানান, ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনায় এখন থেকে এক্সিকিউটিভ কমিটি দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দায়িত্ব পালন করছেন। নীতিনির্ধারণের জন্য রয়েছে একটি গভর্নিং বডি।
গত ২১ অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সারজিস। তিনি ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি সাইনিং অথরিটি হস্তান্তরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শেষ করেন।
দায়িত্ব পালনকালে শহিদ পরিবারের ৮২৬ জনের মধ্যে ৬২৮ জনকে এবং ১১ হাজার আহতের মধ্যে ২ হাজার জনকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানান সারজিস।
তিনি বলেন, “যত দিন সময় দিতে পেরেছি, তত দিন দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন বা ত্যাগের বিষয়ে সৎ থাকার চেষ্টা করেছি।”