ঘন কুয়াশায় দৌলতদিয়াসহ আরও ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া এবং শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত থেকে ফেরি চলাচল বিঘ্নিত হতে থাকে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাত ৩টা ৪০ মিনিটে এবং শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে রাত ২টায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।
দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, কুয়াশার তীব্রতার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
এদিকে, নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, রাত ২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে এ নৌরুটে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি।
কুয়াশার কারণে যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কুয়াশা কমার পর ফেরি চলাচল পুনরায় শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।