ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাবি ক্যাম্পাসসহ দেশের সাতটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাবির কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা আয়োজনের জন্য অংশীজনদের ধন্যবাদ জানান।
এ বছর এই ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে মানবিক শাখায় ১ হাজার ৭০৭টি আসন, বিজ্ঞান শাখায় ৯৪৪টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৮৩টি আসন রয়েছে।