কুড়িগ্রামে তীব্র শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত
দিগন্ত জার্নাল ডেস্ক:
কুড়িগ্রামে টানা ছয়দিনের ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শ্রমজীবী মানুষেরা কাজে বের হতে পারছেন না। রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
শীতের কারণে বোরো বীজতলা ও আলু ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কৃষক সাইফুল বলেন, “প্রচণ্ড শীতে আলু নষ্ট হওয়ার ভয় রয়েছে। এতে বড় ক্ষতির মুখে পড়তে হবে।”
দিনমজুর রহিম বলেন, “হাত-পা বরফ হয়ে যায়। কাজও নেই, কষ্টে আছি।” শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন অনেকে। জেসমিন বেগম বলেন, “পাতলা চাদরে ঠান্ডা থেকে বাঁচা যাচ্ছে না। একটা কম্বল পেলে ভালো হতো।”
ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে জেলায় বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষত শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শাহিদ সর্দার জানান, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য মতে, তীব্র শীত ও কুয়াশা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।