ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে নীলক্ষেত-নিউমার্কেট রণক্ষেত্র, বিজিবি মোতায়েন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার (২৬ জানুয়ারি) রাত থেকে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাত ১০টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজে প্রবেশ করেন এবং সেখান থেকে আরও শিক্ষার্থীদের নিয়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। অন্যদিকে ঢাবির শিক্ষার্থীরা স্যার এএফ রহমান হলের সামনে লাঠি হাতে অবস্থান নেন। দুইপক্ষের ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
সাত কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ প্রকাশ্যে ক্ষমা না চাইলে তারা তার বাসভবন ঘেরাও করবেন। অন্যদিকে ঢাবি শিক্ষার্থীরা সাত কলেজের দাবিকে অন্যায্য বলে আখ্যা দেন।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও সংঘর্ষে যোগ দিয়ে কলেজের সামনের সড়কে নেমে আসেন। পুলিশ প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সংঘর্ষ বেড়ে গেলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এর আগে সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীদের দাবি নিয়ে ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ায় তারা আন্দোলনে নামে।
রাত ১টা ২০ মিনিট পর্যন্ত দুইপক্ষের মধ্যে উত্তেজনা চলমান ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পুলিশ টহল জোরদার করেছে।