ঢাকা বিশ্বের ১২৪ শহরের মধ্যে দূষিত শহরের তৃতীয় স্থানে
দিগন্ত জার্নাল ডেস্ক:
ভাই বিশ্বের ১২৪ শহরের মধ্যে বায়ু দূষণের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২২২ স্কোর নিয়ে ভারতের দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর, যেখানে বাতাসের মান অত্যন্ত অস্বাস্থ্যকর। দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, যেখানকার বায়ু মান স্কোর ২০২, অর্থাৎ সেখানকার বাতাসও খুব অস্বাস্থ্যকর।
বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ১৯১, যার মানে হলো এখানকার বাতাস নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর। আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হলো অতিক্ষুদ্র বস্তুকণা, যা শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
আইকিউএয়ার বায়ুমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে। এ সূচক অনুযায়ী:
৫০ এর নিচে থাকলে তা বিশুদ্ধ বাতাস হিসেবে ধরা হয়,
৫১-১০০ হলে সহনীয়,
১০১-১৫০ হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর,
১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর,
২০১-৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং
৩০০ ছাড়ালে তা দুর্যোগপূর্ণ বাতাস হিসেবে চিহ্নিত করা হয়।
এ পরিস্থিতি ঢাকাবাসীর জন্য বিপজ্জনক, এবং এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।