রাজধানীর উত্তরায় শুটিং সেট থেকে পিকআপ চুরি - দিগন্ত জার্নাল

রাজধানীর উত্তরায় শুটিং সেট থেকে পিকআপ চুরি

উত্তরা পিকআপ চুরি, ঢাকায় গাড়ি চুরি, শুটিং সেট চুরি, মিনহাজ পিকআপ, JAC পিকআপ চুরি, ঢাকা অপরাধ সংবাদ

নিজস্ব প্রতিবেদক । বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি পার্কের গেইট এলাকা থেকে মিনহাজ নামের এক ব্যক্তির ঋণে কেনা জ্যাক (JAC) পিকআপ চুরির ঘটনা ঘটেছে। জীবনের স্বপ্ন পূরণে কেনা এই গাড়িটি পুরো মূল্য পরিশোধের আগেই চোখের সামনে হারিয়ে যাওয়ায় চরম হতাশায় পড়েছেন তিনি।

জানা যায়, ছোট পর্দার অভিনেতা নিলয়ন আলমগীর অভিনীত একটি নাটকের শুটিংয়ের সরঞ্জাম বহনের জন্য মিনহাজের মালিকানাধীন পিকআপটি ভাড়া করা হয়েছিল। গত ৭ এপ্রিল বিকেল ৩টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি পার্কে শুটিং চলাকালে গাড়িটি পার্কিং করে নিজের পিকআপের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন মিনহাজ।

এসময় হঠাৎ চোর ধরার চিৎকারে তার ঘুম ভাঙে। বাইরে এসে তিনি দেখতে পান, তার গাড়ির কাছেই একজন সন্দেহভাজন চোরকে আটক করা হয়েছে। বিষয়টি দেখতে এগিয়ে গেলে সুযোগ বুঝে আরেক ব্যক্তি মিনহাজের পিকআপে উঠে দ্রুত ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

পরে অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাননি তিনি। এ ঘটনায় ভুক্তভোগী মো. মিনহাজ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, চুরি হওয়া গাড়িটির নাম JAC, রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৬৩৯৭, মডেল ২০১৭। এছাড়া ইঞ্জিন নম্বর HFC4DA1H4011140 এবং চেসিস নম্বর LJ11KAAB4H6007333।

মিনহাজ জানান, ঋণের মাধ্যমে কেনা এই পিকআপটি ছিল তার জীবনের বড় স্বপ্ন। প্রশাসনের কাছে দ্রুত গাড়ি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Home » উত্তরা পিকআপ চুরি ঘটনা
an adbox will go here