জুলাই বিপ্লবে আহতদের আজীবন চিকিৎসা-ভাতার পরিকল্পনা সরকারের - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবে আহতদের আজীবন চিকিৎসা-ভাতার পরিকল্পনা সরকারের

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ২ ফেব্রুয়ারি: জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম রোববার সচিবালয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান।

তিনি বলেন, আহত ও শহিদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এবং আহতদের ক্যাটাগরি অনুযায়ী তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর গঠনের কাজও প্রায় সম্পন্ন হয়েছে, যার অধীনে আহতদের পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে।

সরকার এই কর্মসূচির জন্য এ বছর ২৩২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শহিদদের পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হবে, যা পরবর্তী অর্থবছরে ২০ লাখ টাকায় উন্নীত হবে। আহতদের ক্যাটাগরি অনুযায়ী ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আহতদের সারা জীবনের চিকিৎসা ও ভাতা প্রদানের পরিকল্পনাও সরকারের রয়েছে।

তিনি আরও বলেন, “আহতদের পুনর্বাসন এবং তাদের আত্মত্যাগকে চিরস্মরণীয় রাখতে সরকার কাজ করছে। আমরা চাই, বিধিবদ্ধভাবে তাদের সব সুবিধা নিশ্চিত করতে।”

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।

an adbox will go here