রায়ের পরও ইব্রাহিম আলী শেখ সাগরের মুক্তি পেতে সময় লাগল ৮ বছর
দিগন্ত জার্নাল ডেস্ক
২০১৭ সালে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে হত্যা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছিলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা ইব্রাহিম আলী শেখ সাগর। তবে ৮ বছরেও তার মুক্তির আদেশের কপি কারাগারে পৌঁছায়নি, যার ফলে তিনি বন্দি ছিলেন।
ইব্রাহিমের পরিবারের লোকজন বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে, কারা কর্তৃপক্ষ উচ্চ আদালতে চিঠি পাঠিয়ে মুক্তির আদেশের কপি সংগ্রহ করে। গত ৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে মুক্তির আদেশ এসে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে শনিবার তাকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
ইব্রাহিম আলী শেখ সাগর একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। এর মধ্যে একটিতে যাবজ্জীবন, একটিতে দশ বছর এবং আরেকটিতে সাত বছরের সাজা ছিল। তবে, তিনি এসব মামলায় ইতোমধ্যে সাজা পূর্ণ করেছেন। তার মুক্তির পর আবেগাপ্লুত হয়ে তিনি কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ইব্রাহিম আলী শেখ সাগরকে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০১৭ সালে আপিলের পর তিনি খালাস পান, কিন্তু তার মুক্তির আদেশ আট বছরেও পৌঁছায়নি।
এ বিষয়ে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সাংবাদিকদের জানান, তিনি নতুন দায়িত্ব নেওয়ার পর বন্দিদের সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁয়া ও জেলার মো. শরিফুল আলমকে ধন্যবাদ জানান এবং তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন।